বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো জাপানের দেওয়া ৫টি উচ্চগতির পেট্রোল বোট

ঢাকা, ২ জুলাই – দেশের সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করতে এবং উপকূলীয় এলাকায় নজরদারি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি উচ্চগতির পেট্রোল বোট।
বৃহস্পতিবার জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা ওএসএ কর্মসূচির আওতায় এসব বোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ২০২৩ সালের নভেম্বরে এই বোটগুলো সংগ্রহের দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছিল। চুক্তির পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬.১৫ মিটার এবং প্রস্থ ৩.৫৩ মিটার। এই বোটগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। কম গভীরতার জলপথে চলাচলের উপযোগী হওয়ায় নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ নৌপথে দ্রুত অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
নতুন এই পেট্রোল বোটগুলো দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ২ জুলাই ২০২৬









