জাতীয়

দেশব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২ জুলাই – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে সুচারুভাবে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বছরব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। এই উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এবং পৌর প্রশাসক রুমানা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন যে জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই নজরুল বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগ সফল করতে বছরব্যাপী নানা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language