শিক্ষা

সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ

ঢাকা, ২ জুলাই – সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পর্যায়ে বাংলা ২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থী দেরি করলে তার তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে প্রবেশের সুযোগ দেওয়া যাবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো। নির্দেশনা অনুযায়ী প্রতিটি কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর বিপরীতে একজন করে পরিদর্শক দায়িত্ব পালন করছেন। কোনো কক্ষেই দুই জনের কম পরিদর্শক থাকতে পারবেন না। বসার ক্ষেত্রে ৫ বাই ৬ ফুট বেঞ্চে দুই জন এবং ৪ ফুট বেঞ্চে এক জন করে পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।

প্রশ্নপত্র ব্যবস্থাপনায় এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে আনা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়েছে।

সিসিটিভি ক্যামেরার নজরদারিও নিশ্চিত করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারও কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস থাকা নিষিদ্ধ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২২২৩৩৬৯৮১৫ নম্বরে যোগাযোগের পাশাপাশি নির্দিষ্ট মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানায় তথ্য আদান প্রদান করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং গুজব বা অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language