জুলাইয়ে নিম্নচাপ ও তাপপ্রবাহের পূর্বাভাস, বন্যার আশঙ্কা

ঢাকা, ১ জুলাই – চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রঝড় ও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা থাকতে পারে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টির প্রভাবে কিছু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ।
এনএন/ ১ জুলাই ২০২৬









