পূর্বাচলে হচ্ছে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র: আইজিপি

ঢাকা, ১ জুলাই – পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চারটি নতুন থানা এবং ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে পূর্বাচল এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচলের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ পুলিশ কমিশনারের কার্যালয়সহ ৪১টি পুলিশ বক্স নির্মাণের কাজ এগিয়ে চলছে।
পুলিশের জন্য বরাদ্দকৃত ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ইতোমধ্যে ১৮ দশমিক ৬৩ একরের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ভবিষ্যতে এই এলাকাকে ডিএমপির একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে নতুন এই বিভাগে ছয় হাজার ৫২৪ জন জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এস এম/ ১ জুলাই ২০২৬









