মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে অজুহাত দিতে নারাজ ইকুয়েডর কোচ

মেক্সিকো সিটি, ৩০ জুন – বিশ্বকাপের নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে ক্লান্তি কিংবা পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। লম্বা ভ্রমণের ধকল থাকলেও সেটিকে তিনি মাঠের লড়াইয়ে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ার পর শক্তিশালী জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো। তারা এই পর্বেও কোনো গোল হজম করেনি।
তবে প্রতিপক্ষের এমন পরিসংখ্যান নিয়ে বিচলিত নন বেকাসেসে। তিনি জানান যে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী অনেক আগেই ভুল প্রমাণিত হয়েছে। তার মতে ফুটবল মাঠে যা ঘটে সেটিই আসল সত্য। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পৌঁছাতে ইকুয়েডর দলকে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হয়েছে।
বিকেল পাঁচটায় গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও তারা পৌঁছান রাত আটটা ২০ মিনিটে। এই বিলম্বের কারণ অস্পষ্ট থাকলেও একে বড় করে দেখছেন না কোচ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তারা মাঠে নামবেন লড়াই করার জন্য। বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের উচ্চতা এবং স্বাগতিক সমর্থকদের চাপ মোকাবিলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে এই কঠিন পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করে নিজের দলকে এগিয়ে নিতে প্রস্তুত সেবাস্তিয়ান বেকাসেসে।
এস এম/ ৩০ জুন ২০২৬









