ফুটবল

৪১ বছর বয়সেও মাঠ মাতাচ্ছেন রোনালদো, এক হাজার গোলের লক্ষ্যে অবিচল

লিসবন, ২৯ জুন – ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক বিস্ময়কর নাম। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও তার ফুটবলীয় ক্ষুধা বিন্দুমাত্র কমেনি। বর্তমানে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের এই অধিনায়ক। তার লক্ষ্য কেবল জাতীয় দলকে ট্রফি জেতানোই নয়, বরং ফুটবল ইতিহাসের বিরল এক মাইলফলক স্পর্শ করা। অফিসিয়াল ম্যাচে এক হাজার গোলের লক্ষ্য নিয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন তিনি।

৪১ বছর বয়সেও বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিয়মিত খেলছেন এই ফরোয়ার্ড। তবে তার এই অতিরিক্ত খেলার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে যে, দলের এই মহাতারকার ওপর অতিরিক্ত শারীরিক চাপ পর্তুগালের জন্য হিতে বিপরীত হতে পারে কি না।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রোনালদো। বর্তমানে তার মোট গোল সংখ্যা ৯৭৪। এ ছাড়া তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি বিশ্বকাপেই অন্তত একটি করে গোল করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

রোনালদোর এই লক্ষ্যপূরণের পথে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে তার শারীরিক ক্লান্তি। সম্প্রতি ইএসপিএনের এক বিশ্লেষণে জানানো হয়, ৪১ বছর বয়সে মিয়ামির চরম গরমের মধ্যে একটানা মাঠে থাকা বড় চ্যালেঞ্জের বিষয়।

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রোনালদোর মতো ফিট খেলোয়াড়কেও টুর্নামেন্টের লম্বা সময়ে শক্তি সঞ্চয় করে খেলতে হয়। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে মোট ২৭০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে প্রায় ৩০০ মিনিট মাঠে ছিলেন সিআরসেভেন।

আগামী বুধবার নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোনালদোর বিশ্রাম প্রয়োজন ছিল কি না তা নিয়ে নানা আলোচনা চলছে। অবশ্য দলের কোচ রবার্তো মার্তিনেজ তার অধিনায়কের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তিনি বলেন, ক্রিশ্চিয়ানোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোচ মনে করেন, রোনালদো মানসিকভাবে দৃঢ় এবং শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী। অন্যান্য অনেক দল তাদের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিলেও রোনালদোকে টানা খেলিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন মার্তিনেজ।

বাংলাদেশ সময় অনুযায়ী ৩ জুলাই ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে জয়ী দল পরবর্তী পর্বে স্পেন অথবা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language