ফুটবল

ফ্রান্স ও আর্জেন্টিনাকে ফেভারিট মানলেও ইংল্যান্ডের সুযোগ দেখছেন জন টেরি

লন্ডন, ২৯ জুন – বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর সমীকরণ সামনে রেখে আলোচনায় উঠে এসেছে ফেভারিট দলগুলোর শক্তিমত্তা। গত আসরের রানার্সআপ ফ্রান্স এই পর্বে সুইডেনের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পের ছন্দে থাকা গতিময় ফুটবল ফ্রান্সকে এবারের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে চেলসির কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি মনে করেন, ফেভারিট ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা ইংল্যান্ডের রয়েছে। পিয়ার্স মরগানের স্পোর্টস আনসেন্সরড অনুষ্ঠানে টেরি জানান, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ এগিয়ে।

আসন্ন রাউন্ড অফ ৩২ এর লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। টেরি তার বিশ্লেষণে বলেন, বর্তমান ফুটবল বিশ্বে ফ্রান্সের আক্রমণভাগের বৈচিত্র্য অনন্য। তবে ইংল্যান্ডের সুযোগের বিষয়েও তিনি ইতিবাচক।

আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, কেবল লিওনেল মেসির গোল করার ক্ষমতার বাইরেও তাদের খেলার ধরন মুগ্ধ করার মতো। বিশেষ করে আর্জেন্টিনার কাউন্টার প্রেসিং কৌশল ও বল হারানোর পরপরই দ্রুত পুনরুদ্ধারের দক্ষতা তাদের বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

মেসির জাদুকরী দক্ষতা প্রকাশের সুযোগ করে দিতেই দলটি মাঠের ওপরের দিকেই বল কেড়ে নিতে মুখিয়ে থাকে। গ্রুপ পর্বের পরিসংখ্যানে দেখা যায়, ফ্রান্স ও আর্জেন্টিনা তাদের সব কটি ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে।

অন্যদিকে ইংল্যান্ড ঘানার বিপক্ষে ড্র করলেও অপরাজিত থেকে গ্রুপ এল এর চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে পা রেখেছে। এদিকে রাউন্ড অফ ৩২ এ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, সমালোচকদের উপযুক্ত জবাব দিতে কেবল বিশ্বকাপ জয়ই তাদের একমাত্র লক্ষ্য।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language