নেদারল্যান্ডস ম্যাচে ভিন্ন কৌশলের ছক কষছেন মরক্কো কোচ ওয়াহবি

রাবাত, ২৯ জুন – মরক্কোর কোচ নাবিল ওয়াহবি নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য সম্পূর্ণ ভিন্ন মানসিকতা ও পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। রাউন্ড অব ৩২ এ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী দুই দল।
গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে লড়ে সাত পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন যে বিগত তিনটি ম্যাচে ভালো পারফর্ম করার সক্ষমতা এবং মাঠে দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছে তার দল।
তবে নেদারল্যান্ডস ম্যাচটি আলাদা হওয়ায় এর জন্য ভিন্ন কৌশলের প্রয়োজন বলে তিনি মনে করেন। টুর্নামেন্টের শুরুতে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল মরক্কো। এরপর স্কটল্যান্ডকে ১-০ এবং হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করে তারা।
অন্যদিকে সুইডেন ও তিউনিসিয়াকে হারিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ডাচরা। নকআউট পর্বের আগে খেলোয়াড়দের শারীরিক ধকল কমাতে শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কোচ ওয়াহবি।
তরুণ ফুটবলার আইয়ুব বুয়াদিকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে খেলোয়াড়দের খেলার সময় এমনভাবে ভাগ করা হয়েছিল যাতে সবাই সতেজ থাকতে পারে। কঠিন গ্রুপ পর্ব পার করার পেছনে দলের যে ইতিবাচক গুণাবলী ছিল, নেদারল্যান্ডস ম্যাচেও তার ওপরই আস্থা রাখতে চান মরক্কোর এই কোচ।
এস এম/ ২৯ জুন ২০২৬









