ফুটবল

ব্রাজিল বনাম জাপান ম্যাচে কার পক্ষে আলেক্স সান্তোস? নিজের অনুভূতির কথা জানালেন সাবেক তারকা

ব্রাসিলিয়া, ২৯ জুন – আগামী উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিল ও জাপান যখন একে অপরের মুখোমুখি হবে, তখন এক বিশেষ মানসিক টানাপোড়েনে থাকবেন আলেক্স সান্তোস। জন্মগতভাবে তিনি ব্রাজিলিয়ান হলেও পেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি প্রতিনিধিত্ব করেছেন জাপানের।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সাবেক ডিফেন্ডার তার মনের গভীর অনুভূতির কথা শেয়ার করেছেন। ব্রাজিলের পারানা অঙ্গরাজ্যে জন্ম নেওয়া সান্তোস মাত্র ১৬ বছর বয়সে জাপানে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাশাপাশি ফুটবলে মনোনিবেশ করেন এবং পরবর্তীতে জাপানের নাগরিকত্ব গ্রহণ করেন।

২০০২ ও ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপে তিনি জাপানের হয়ে মাঠ মাতান। ২০০৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করে সান্তোস বলেন যে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজার সময়টি ছিল তার জন্য অত্যন্ত আবেগময়।

তিনি বিষয়টিকে তুলনা করেন বাবা এবং মায়ের প্রতি ভালোবাসার সঙ্গে, যেখানে কাউকে আলাদা করে বেছে নেওয়া সম্ভব নয়। সেই ম্যাচে রোনালদো এবং রোনালদিনিয়োর মতো তারকাদের বিপক্ষে খেলতে পারা তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

জাপান ফুটবলের বিবর্তন নিয়ে সান্তোস সাবেক কোচ জিকোর অবদানের কথা উল্লেখ করেন। তার মতে, জিকোই জাপানি ফুটবলারদের মধ্যে আক্রমণাত্মক মেজাজ গড়ে দিয়েছিলেন।

সোমবারের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানান যে জাপান মূলত পাল্টা আক্রমণে গুরুত্ব দেবে। তবে শেষ পর্যন্ত তিনি কাকে সমর্থন করবেন এমন প্রশ্নে সান্তোস জানান যে তিনি জাপানের জয় চাইলেও ব্রাজিলের জয়ে তার মনে কোনো কষ্ট থাকবে না।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language