জাতীয়

জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা, ২৯ জুন – মহান মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন এবং ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি এই সময়টা সঠিক নয় এবং আপনাদের নিজেদের দিকেও ফিরে তাকানো দরকার।

বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটি করলে আজকে সমস্যাগুলো হতো না কিন্তু আপনারা তা করেননি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন একাত্তরে আমরা ভুল করি নাই। এখনো সময় আছে আপনারা বিষয়টি ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে দেশবাসীকে জানানো উচিত। একাত্তর সম্পর্কে আপনারা এখনো পরিষ্কার করে কিছু বলেন না।

এ সময় বিরোধী দলের সদস্যদের দিক থেকে মন্তব্য এলে তিনি বলেন, আপনারা বিষয়টি স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তিনি আশা প্রকাশ করেন যে এনসিপি তাদের রাজনীতি আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে।

নবীন রাজনীতিবিদদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো কলঙ্ক নিয়ে তাদের রাজনীতিতে থাকা উচিত নয় যা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকে অস্বীকার করে।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language