জাতীয়

১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকা, ২৯ জুন – দেশের ১১টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাঞ্চল ও সিলেটসহ চার বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language