সেট পিস জাদুতে জর্ডানকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ল আর্জেন্টিনা

বুয়েনস আইরেস, ২৮ জুন – টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে আলবিসেলেস্তেরা ফুটবল ইতিহাসের ৬০ বছরের পুরনো এক বিরল বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছে।
পুরো ম্যাচে কোনো ওপেন প্লে গোল না হলেও তিনটি গোলই এসেছে সেট পিস থেকে। এর মধ্যে দুটি ছিল সরাসরি ফ্রি কিক এবং একটি পেনাল্টি। একই বিশ্বকাপে এক ম্যাচে একাধিক সরাসরি ফ্রি কিক গোল করার ক্ষেত্রে ১৯৬৬ সালের পেলের ব্রাজিল এবং ২০১০ সালের জাপানের পাশে এখন নিজেদের নাম লেখালো লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই জর্ডানের রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়লে আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে কাজ করে তাদের সুপরিকল্পিত সেট পিস কৌশল। ১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন জিওভানি লো সেলসো।
এর কিছুক্ষণ পর ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। কর্নার থেকে আসা বলে জর্ডান অধিনায়কের ফাউলের শিকার হন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে মুসা আল তামারি জর্ডানের পক্ষে একটি গোল শোধ দিলেও ৮০ মিনিটে লিওনেল মেসি ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন।
এই গোলের মাধ্যমে চলতি আসরে নিজের ৬ষ্ঠ এবং টানা ৭ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ফুটবলের ইতিহাসে এক ম্যাচে একাধিক সরাসরি ফ্রি কিক গোল করা অত্যন্ত বিরল।
এর আগে ১৯৬৬ সালে ব্রাজিল এবং ১৯৭৪ সালে যুগোস্লাভিয়া এই কীর্তি গড়েছিল। সর্বশেষ ২০১০ সালে ডেনমার্কের বিপক্ষে জাপান এমন কৃতিত্ব দেখিয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর আর্জেন্টিনা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। আগামী ৩ জুলাই নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এস এম/ ২৮ জুন ২০২৬









