জাতীয়

কাঁটাবনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা, ২৭ জুন – রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন ২৫ বছর বয়সী মো. জনি এবং ১৯ বছর বয়সী মো. আব্দুস সালাম। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের নিবিড় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান যে আগুন লাগার পর জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস আরও নিশ্চিত করেছে যে ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language