আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন, চার হাজার ডলারের নিচে আউন্স

ঢাকা, ২৬ জুন – আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় ধরনের পতন লক্ষ করা গেছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আরও দ্রুত বৃদ্ধি করতে পারে এমন প্রত্যাশায় টানা চতুর্থ সপ্তাহের মতো কমলো এই মূল্যবান ধাতুর দাম।
শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ছয় শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার দুই দশমিক ৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন সোনার দাম শূন্য দশমিক সাত শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স চার হাজার ১৭ দশমিক ৩০ ডলারে।
গত এক সপ্তাহে সোনার দাম প্রায় তিন দশমিক আট শতাংশ কমেছে। বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো সোনার দাম চার হাজার ডলারের নিচে নেমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে ফেডের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করেছে। এর ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে যা দাম কমার অন্যতম প্রধান কারণ।
বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন ফেডের কঠোর অবস্থানকে ঘিরে বাজারে দ্রুত মূল্য সমন্বয়ের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে যা সোনার দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি আরও জানান চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে ওঠার পর থেকে এ পর্যন্ত দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।
এনএন/ ২৬ জুন ২০২৬









