ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়েও তুষ্ট নন টুখেল, লক্ষ্য এখন ঘানা ম্যাচ

লন্ডন, ২৩ জুন – ক্রোয়েশিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। তার মতে, ওই জয়টি দলের জন্য ছিল একটি বড় সতর্কবার্তা। বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে তাই রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওঠার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
ঘানার বিপক্ষে জয় লাভ করলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করবে থ্রি লায়নসরা। সেই সাথে অন্য ম্যাচে পানামা যদি ক্রোয়েশিয়ার কাছে পয়েন্ট হারায়, তবে গ্রুপের শীর্ষস্থানও পাকা হয়ে যাবে। তবে এমন সমীকরণের মাঝেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন টুখেল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টুখেল। তার মতে, খেলোয়াড়রা অযথাই রক্ষণাত্মক হয়ে অনেকটা পেছনে নেমে গিয়েছিল, যা প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ করে দিয়েছে। টুখেল বলেন, আমাদের খেলার উন্নতি করতে হবে। রক্ষণে আমরা প্রয়োজনের চেয়ে বেশি নিচে নেমে গিয়েছিলাম, যা আমাদের স্বাভাবিক কৌশলের পরিপন্থী।
একটি গোল হজমের সময় আমাদের রক্ষণভাগে সাতজন খেলোয়াড় উপস্থিত ছিল। এটি ইংল্যান্ডের পরিচিত চিত্র নয়। তবে এই গোলটি আমাদের জন্য শিক্ষণীয় ছিল যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়। জার্মান এই কোচের মতে, বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে খেলোয়াড়রা দ্রুত বল হারিয়েছেন, যার ফলে বাড়তি পরিশ্রম করতে হয়েছে।
তবে বিরতির পর দলের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি খুশি। তিনি জানান, প্রথমার্ধের শেষে গোল খাওয়ার পর যেভাবে ফুটবলাররা ঘুরে দাঁড়িয়েছে, সেটিই ছিল ম্যাচের বড় প্রাপ্তি। ঘানা ম্যাচের একাদশে বড় কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার ডেকলান রাইস অনুশীলনে ফিরেছেন।
ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন বুকায়ো সাকাও, তবে তাকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা কম। এদিকে বিশ্বকাপের বৈরী আবহাওয়ার কারণে ম্যাচে পানি পানের বিরতি রাখার নিয়ম নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন টুখেল। তার মতে, এই বিরতিগুলো ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করে দেয়। যদিও সব দলের জন্য একই নিয়ম হওয়ায় একে ন্যায়সংগত বলে মানছেন তিনি।
এস এম/ ২৩ জুন ২০২৬









