জাতীয়

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৩ জুন – মালয়েশিয়া সফর শেষে দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষ করে বর্তমানে তিনি চীনে অবস্থান করছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই ধন্যবাদ বার্তাটি প্রকাশ করা হয়।

বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণে তারা গভীরভাবে অভিভূত।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। বার্তায় তিনি আরও স্মরণ করেন যে, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকেই দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যকার নিবিড় যোগাযোগ এই অংশীদারত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর এবং আগামীতে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language