আবেগঘন বিদায় নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী,হতে চান সেরা স্বামী ও পিতা

লন্ডন, ২২ জুন – বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে লেবার পার্টিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরার পর থেকেই স্টারমারের ওপর চাপ বাড়তে থাকে।
২০২৪ সালের নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসার মাত্র দুই বছরের মাথায় তাকে ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাজ্য গত সাত বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। সোমবার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারকে সাথে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিয়ার।
বিদায়ী ভাষণের শেষ দিকে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখ অশ্রুসজল হয়ে ওঠে। স্ত্রী ভিক্টোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন যে সুখে ও দুঃখে তিনি অটল ভরসা হয়ে পাশে ছিলেন।
দেশের দায়িত্ব ছেড়ে এখন তিনি একজন ভালো স্বামী এবং সন্তানদের জন্য একজন শ্রেষ্ঠ পিতা হতে চান বলে জানান। সন্তানদের নিজের গর্ব ও আনন্দের উৎস হিসেবে উল্লেখ করে তিনি পরিবারের প্রতি অধিক মনোযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এস এম/ ২২ জুন ২০২৬









