স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের বৈঠক ও সম্প্রীতির বার্তা

ঢাকা, ২২ জুন – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া অর্পিত সম্পত্তি আইনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন নেতৃবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করতে দৃঢ়ভাবে বিশ্বাসী।
বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত নির্যাতনের সমালোচনা করে তিনি জানান, বর্তমান সময়ে এই ধরণের ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, প্রশাসন সেখানে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
আলোচনা চলাকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো সমস্যা দ্রুত অবহিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের দাবি জানান। মন্ত্রী অত্যন্ত সহানুভূতির সাথে এই দাবিটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এছাড়া বৈঠকে গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ এবং জনৈক আইনজীবীর বিতর্কিত বক্তব্যের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, সরকার ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। তিনি সব পক্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এস এম/ ২২ জুন ২০২৬









