হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬১ হাজার হাজি

ঢাকা, ২০ জুন – হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৬১ হাজার ৬৯৭ জন হাজি সৌদি আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে যে শনিবার ভোর রাত ৩টা পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন। এসব হজযাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে এবারের হজ মৌসুমে পবিত্র ভূমি সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত ১৬ জুন কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা আকলিমা আক্তার মদিনায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর।
বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে যে সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে গিয়েছিলেন।
গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। ফিরতি ফ্লাইট গত ৩০ মে থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।
এনএন/ ২০ জুন ২০২৬









