আগামী ১০ দিন দেশজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকা, ১৯ জুন – আগামী ১০ দিন ঢাকাসহ দেশের আটটি বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনএন/ ১৯ জুন ২০২৬









