কাতারের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে

অটোয়া, ১৯ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের বিপক্ষে ম্যাচে বড় ধরনের দুঃসংবাদ পেয়েছে কানাডা। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল কোনে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।
শুক্রবার ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ৫৩ মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুর একটি কঠোর ট্যাকলের শিকার হন ২৪ বছর বয়সী এই ফুটবলার। ট্যাকলের পরপরই যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন কোনে। তার গোড়ালি চেপে ধরে কাতরাতে দেখে দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল টিম।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তার গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে অথবা হাড়ে চিড় ধরেছে। তবে চোটের সঠিক ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই ফাউলের জন্য রেফারি ক্রিস্টিয়ান গারাই সরাসরি লাল কার্ড দেখান আসিম মাদিবুকে।
এর ফলে ম্যাচের বাকি সময় কাতারকে ৯ জন খেলোয়াড় নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কোনেকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় গ্যালারিতে উপস্থিত সমর্থকরা তাকে অভিবাদন জানান। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি থাম্বস আপ দেখান।
উল্লেখ্য যে ২০২২ সালের বিশ্বকাপেও সব ম্যাচে অংশ নেওয়া কোনে এই আসরেও কানাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তার এই অনুপস্থিতি কানাডার বিশ্বকাপ অভিযানে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ১৯ জুন ২০২৬







