জাতীয়

এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ জুন – প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধন শেষে তিনি ফায়ারিং রেঞ্জে এসএসএফের ব্যবহৃত একটি অস্ত্র দিয়ে নিজের নিশানা পরীক্ষা করেন।

প্রধানমন্ত্রী বলেন যে এই অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ সদস্যদের পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে। তিনি নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং কর্মদক্ষতা বাড়াতে এই রেঞ্জের সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন যে জনগণের আস্থা ও ভালোবাসাই রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তার কঠোর বেষ্টনী যেন সাধারণ মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন না করে ফেলে।

ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দিতে তিনি নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সেবা এবং তার পরবর্তী জানাজার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এসএসএফের পেশাদারত্বের প্রশংসা করেন। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম ও চেইন অব কমান্ড বজায় রেখে কাজ করার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

এনএন/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language