জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৮ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহদাত হোসেন স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকের শুরুতেই চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এনএন/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language