প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর আজ: কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ

ঢাকা, ১৭ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলা সফরে যাচ্ছেন। দিনভর এই সফরে তিনি শ্রীমঙ্গল ও সদর উপজেলায় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং বিকেলে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলের অভিমুখে রওনা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এরপর দুপুর আড়াইটায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অপর একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি বিশেষ রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের সকল কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএন/ ১৭ জুন ২০২৬









