ফুটবল

থমাস পার্টিকে ভিসা দেয়নি কানাডা: আদালতের দ্বারস্থ ঘানা সরকার

আক্রা, ১৬ জুন – চলমান বিশ্বকাপে ঘানার তারকা মিডফিল্ডার থমাস পার্টিকে ভিসা দেয়নি কানাডা। কানাডা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির আদালতে আপিল করেছে ঘানা সরকার। বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ঘানার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে এই ম্যাচে অংশ নিতে পারছেন না পার্টি।

৩৩ বছর বয়সী এই ফুটবলারের ভিসা না পাওয়ার প্রধান কারণ হিসেবে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে চলমান একটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগে চারজন নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। তবে পার্টি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

আগামী বছর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ঘানা সরকার কানাডার এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর এবং অন্যায্য বলে অভিহিত করেছে। তারা আদালতের কাছে আবেদন করেছে যাতে পার্টিকে সাময়িকভাবে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তিনি বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।

এছাড়া ঘানার অভিবাসন কর্তৃপক্ষকে নতুন করে ভিসার আবেদন করার সুযোগ দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুডযেটো আবলাকওয়া জানিয়েছেন যে সরকার কূটনৈতিক উপায়েও সমস্যাটি সমাধানের চেষ্টা করছে।

অন্যদিকে কানাডার অভিবাসন বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা মানেই দেশের অভিবাসন আইন শিথিল করা নয়। প্রতিটি আবেদন আইন অনুযায়ী এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলাদাভাবে মূল্যায়ন করা হয়।

২০১৬ সালে অভিষেকের পর থেকে থমাস পার্টি ঘানার হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন। ঘানা আগামী ২৩ জুন বোস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে গ্রুপ রানার্সআপ হলে দলটিকে আবারও নকআউট পর্বের ম্যাচের জন্য কানাডায় ফিরতে হতে পারে।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language