জাতীয়

সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করল বিআরটিএ

ঢাকা, ১৫ জুন – দেশের গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সব যানবাহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সকল গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সব সময় সচল রাখা নিশ্চিত করতে হবে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির দাপ্তরিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

নিয়ম অনুযায়ী, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুসরণ করে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এখন থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকার বিষয়টি বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। এর ফলে সড়ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language