জাতীয়

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকা, ১৫ জুন – দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language