বিশ্বকাপে উত্তাপ: ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিল ইরান

তেহরান, ১২ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা এখন খেলার মাঠকেও প্রভাবিত করছে। টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিপক্ষ এবং আয়োজকদের কঠোর বার্তা দিয়েছে ইরান।
দেশটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ম্যাচ চলাকালীন গ্যালারিতে কোনো অস্বীকৃত পতাকা প্রদর্শন বা ইরানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে তারা তৎক্ষণাৎ খেলা বন্ধ করে দেওয়ার আবেদন জানাবে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ফিফাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।
তিনি বলেন, মাঠের লড়াই চলাকালে জাতীয় দলের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ করা হলে দলের কোচকে ম্যাচ বন্ধ করার অনুরোধ জানানো হবে। কোনো অবস্থাতেই এমন পরিস্থিতিতে ম্যাচ চালিয়ে যাবে না ইরান।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দল যুক্তরাষ্ট্রে অবস্থান না করে মেক্সিকোতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ম্যাচের জন্য তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। এছাড়া ইরানের অনেক সমর্থকই খেলা দেখার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি বলে জানা গেছে।
আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর বেলজিয়ামের বিপক্ষে লড়বে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।
এই ম্যাচটিকে গর্বের লড়াই হিসেবে ঘোষণা করেছে দেশটি। আয়োজক পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ১২ জুন ২০২৬









