বিশ্বকাপে আজ মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র

ওয়াশিংটন, ১২ জুন – বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার অন্যতম শক্তি দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দল চেক প্রজাতন্ত্র। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে এ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।
দীর্ঘ ২০ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে আসা চেক প্রজাতন্ত্রের সামনে আজ যেমন আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ, তেমনি ১৯৮৬ সাল থেকে টানা ১১ বার বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ কোরিয়ার সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াই। বিশ্বমঞ্চে দল দুটি এই প্রথম একে অপরের বিপক্ষে লড়াই করতে যাচ্ছে।
এর আগে ২০১৬ সালে একটি প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ান পরাশক্তিরা রক্ষণাত্মক ৪-৫-১ ফর্মেশনে খেলার সিদ্ধান্ত নিয়েছে। দলের অধিনায়ক সন হিয়ুং-মিনের ওপরই থাকছে গোল করার মূল দায়িত্ব।
দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করতে সনের প্রয়োজন আর মাত্র দুটি গোল। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন কিম সেউং-গিউ। রক্ষণে নেতৃত্ব দেবেন কিম মিন-জায়ে ও লি হান-বমের মতো ফুটবলাররা। মাঝমাঠ ও আক্রমণভাগে লি কাং-ইন এবং হুয়াং ইন-বমদের সাথে সনের বোঝাপড়া ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে চেক প্রজাতন্ত্রের কোচ রক্ষণাত্মক ৫-৩-২ ফর্মেশন বেছে নিয়েছেন। অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি, স্তেপান ছালৌপেক ও রবিন হ্রানাচদের নিয়ে গড়া রক্ষণভাগকে আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। চেক রক্ষণাত্মক কৌশলের মূল লক্ষ্য থাকবে প্রতি-আক্রমণের মাধ্যমে কোরীয় রক্ষণ ভেঙে গোল করা।
এই পরিকল্পনায় তাদের প্রধান হাতিয়ার বুন্দেসলিগার তারকা স্ট্রাইকার পাত্রিক শিক। তাকে যোগ্য সহায়তা দেবেন পাভেল সুলস। এছাড়া মাঝমাঠে তমাস সুচেক ও লুকাস প্রোভোদদের অভিজ্ঞতা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রাখতে সাহায্য করবে।
এস এম/ ১২ জুন ২০২৬









