জাতীয়

নিয়োগ ও পদোন্নতিতে মেধাই হবে প্রধান মাপকাঠি: অর্থমন্ত্রী

ঢাকা, ১১ জুন – মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি সকল স্তরের নিয়োগ, বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন,

কেবল মেধাবী ও দক্ষ ব্যক্তিদের সঠিক স্থানে মূল্যায়নের মাধ্যমেই সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। প্রশাসনের গতিশীলতা নিশ্চিত করতে সততা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া শিল্প, সেবা, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কৃষি খাতে কর্মসংস্থানের পরিধি বাড়াতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

একই সাথে তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language