জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট: দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা

ঢাকা, ১১ জুন – ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ হতে যাওয়া দেশের ইতিহাসের বৃহত্তম এই বাজেটে দুদকের এই বরাদ্দ নির্ধারণ করা হয়।

বিগত ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা যা পরবর্তীতে সংশোধিত বাজেটে ২০৩ কোটি টাকায় দাঁড়িয়েছিল। আসন্ন বাজেটে দুদকের পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় কিছুটা কম।

বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটিই প্রথম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

ফলে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট প্রস্তাব অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট। নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্মতিক্রমে ১ জুলাই থেকে নতুন এই অর্থবছর কার্যকর হবে।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language