জাতীয়

ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

ঢাকা, ১০ জুন – দেশের অভ্যন্তরীণ ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল তিনটা থেকে দিবাগত রাত একটার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language