জাতীয়

৪৬৩ কোটি টাকার টিকা ও ওষুধ ক্রয়ে সরকারি অনুমোদন

ঢাকা, ১০ জুন – দেশের স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইপিআই কর্মসূচির টিকা, যক্ষ্মা নিয়ন্ত্রণের ভ্যাকসিন এবং এইডস রোগীদের ওষুধ ক্রয়ের চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এই চারটি প্রস্তাবে মোট ৪৬৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০ টাকা ব্যয় করা হবে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের চাহিদার ৫০ শতাংশ ভ্যাকসিন ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়েছে।

অবশিষ্ট ৫০ শতাংশ রুটিন ইপিআই ভ্যাকসিন সংগ্রহের জন্য ইউনিসেফ থেকে প্রাপ্ত প্রাইস অফার যাচাই-বাছাই শেষে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৭৫৫ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় সাত ধরনের মোট ৭৭ লাখ ৯৫ হাজার ৬৩৬ ভায়াল ভ্যাকসিন কেনা হবে। এই টিকাগুলো জাপান, ডেনমার্ক, ভারত, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া থেকে উৎপাদিত।

যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় অত্যাবশ্যকীয় অ্যান্টি-টিবি ড্রাগস ৪এফডিসি সংগ্রহের জন্য অতিরিক্ত ভেরিয়েশন প্রস্তাবেও কমিটি সায় দিয়েছে। ইতিপূর্বে রেনেটা পিএলসি থেকে ওষুধ ক্রয়ের চুক্তি হলেও মজুত পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ১ কোটি ৭ লাখ ৭৩ হাজার ড্রাগস সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এর ফলে মূল চুক্তির সঙ্গে অতিরিক্ত ১৫ কোটি ৫১ লাখ ৩১ হাজার ২০০ টাকা যুক্ত হচ্ছে। পাশাপাশি যক্ষ্মা নির্ণয়ের জন্য অতি জরুরি জিন-এক্সপার্ট কার্টিজ সংগ্রহের লক্ষ্যে ইউএনওপিএস এর সঙ্গে চুক্তির অতিরিক্ত ৩১ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৯৩৫ টাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এছাড়া দেশে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত চিকিৎসা সেবা অব্যাহত রাখতে অতিরিক্ত অ্যান্টি-রেট্রোভাইরাল ড্রাগস ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেসার্স এস এস সাইন্টিফিক কর্পোরেশনের কাছ থেকে ৫টি আইটেমের ১৯ লাখ ৭৬ হাজার ৭৬০টি ওষুধ ক্রয়ে অতিরিক্ত ৩ কোটি ৫২ লাখ ১৬ হাজার ১৩০ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ওষুধ সংকট এড়াতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language