জাতীয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

ঢাকা, ৮ জুন – ২০২৭ সালের বা হিজরি ১৪৪৮ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের হজ ১ শাখা থেকে এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুসারে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে যাত্রা করবে প্রথম হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে অর্থাৎ ৯ জিলহজ হজ অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি আরবের প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

নুসুক মাসারের মাধ্যমে মক্কা ও মদিনায় হোটেল, তাঁবু, ক্যাটারিং ও পরিবহন সেবাসহ সামগ্রিক প্যাকেজ গ্রহণের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি। হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে।

একইসঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি ও নুসুক মাসারে নথিপত্র সম্পন্ন করার কাজ ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language