জাতীয়

স্বৈরাচারের দোসর সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ জুন – বিগত সরকারের আমলে গুম, খুন এবং গণহত্যার বৈধতা দানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন,

দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকলেও যারা গণতন্ত্র নসাৎ করার অপচেষ্টায় লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিগত ১৭ বছরে গণমাধ্যমের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অভিযোগ করেন,

বিগত সরকারের আমলে কিছু নামধারী সাংবাদিক গুম, খুন এবং ভোট চুরির পক্ষে জনমত গঠন বা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তৈরির কাজ করেছেন। বর্তমানে সেই সব সাংবাদিকদের বিভিন্ন মিডিয়া হাউসে পুনর্বাসন করা হচ্ছে, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পক্ষের সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও উল্লেখ করেন যে,

কিছু নির্দিষ্ট গণমাধ্যম গোষ্ঠী নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়েছে। এই প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

তবে যারা দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে কিংবা সন্ত্রাসের পক্ষ নিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী সাংবাদিক হোক বা অন্য কোনো পেশাজীবী, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language