নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

ঢাকা, ৭ জুন – নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স এবং আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার থেকে এই বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরু হবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে এই সিদ্ধান্ত আসে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দেন।
এর পাশাপাশি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের একটি পৃথক প্যানেল গঠন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিচারক মাসরুর সালেকীন আজ এই রায় ঘোষণা করেন।
একই সাথে আদালত সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। ঘটনার বিবরণে জানা যায় গত ১৯ মে পল্লবীর একটি ভবন থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নারায়ণগঞ্জ থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেছিলেন। গ্রেফতারের পর ২০ মে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। গত ১ জুন এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছিল এবং সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মাত্র কয়েকদিনের ব্যবধানে রায় ঘোষণা করা হলো।
এস এম/ ৭ জুন ২০২৬









