ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ঠাকুরগাঁও, ৬ জুন – ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান এবং জোরালো নজরদারির কারণে বিএসএফের সেই চেষ্টা সফল হয়নি।

শনিবার ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা বাড়ায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে মশালগাঁও সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা ওপারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। একপর্যায়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তর থেকে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানো হলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন।

বিজিবির তৎপরতার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সদস্যরা প্রস্তুত রয়েছে।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language