জাতীয়

দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু বিরোধী অভিযানের উদ্বোধন

ঢাকা, ৬ জুন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

কোথাও যেন কোনো অবস্থাতেই বৃষ্টির পানি বা অন্য কোনো পানি জমে না থাকে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজননের প্রধান উৎস হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবার ও ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকার আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধির পরও যদি অবহেলা দেখা যায়, তবে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আগামীকাল রোববার থেকে এক সপ্তাহের বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া রবীন্দ্র সরোবর এলাকায় ডিএসসিসির অনুমোদনহীন মেলা উচ্ছেদের নির্দেশ দেন প্রশাসক।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language