জাতীয়

জাতীয় নাগরিক পার্টির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট পেশ

ঢাকা, ৫ জুন – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক একটি প্রস্তাবিত ছায়া বাজেট পেশ করেছে। জনকল্যাণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করা হয়। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই ছায়া বাজেট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে প্রস্তাবিত এই বাজেটের মোট আকার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের তুলনায় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা বেশি।

বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বর্তমান মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে এবং পরবর্তী বছরে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেট প্রস্তাবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ সংযোগের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা এবং এনআইডির সঙ্গে ব্যাংক হিসাবের সংযোগ নিশ্চিত করা উল্লেখযোগ্য।

এনসিপি সাধারণ করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছে। এছাড়া নারী ও প্রবীণদের জন্য এই সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের জন্য ৫ লাখ টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে ৫২ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বিমা চালু এবং বরিশাল ও ময়মনসিংহে আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

কৃষকদের সরাসরি সারের ভর্তুকি প্রদান এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে কর রেয়াতের প্রস্তাবও এই ছায়া বাজেটে স্থান পেয়েছে।

দলটির নেতারা জানান যে এই ৭১ দফা সংস্কার প্রস্তাব মূলত দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language