ঢাকাসহ ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর সংকেত

ঢাকা, ৫ জুন – রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বিধায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ৫ জুন ২০২৬









