জাতীয়

বাজার স্থিতিশীল রাখতে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৪ জুন – বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষা এবং প্রবাসী ও রপ্তানি আয়ের প্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন বা এমপিএ পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিনিময় হারে ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বা ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মধ্যে জুন মাসের প্রথম চার দিনেই বাজার থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ১০১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বৈধ পথে আয় পাঠানো এবং পণ্য রপ্তানিতে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিনিময় হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে ধরে রাখতে বাজার থেকে ডলার ক্রয় করা হচ্ছে।

এর আগে দীর্ঘ সময় ধরে বৈদেশিক মুদ্রার উচ্চ চাহিদার কারণে নিজস্ব রিজার্ভ থেকে ডলার বিক্রি করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে এখন বাজার থেকে ডলার কিনে রিজার্ভের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই পদক্ষেপে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, অন্যদিকে ডলারের বিনিময় হারও স্থিতিশীল থাকবে।

এনএন/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language