পুতিনের কাছে রাশিয়ার নাগরিকত্ব চাইলেন মার্কিন সাংবাদিক ক্রিস্টোফার হেলালি

ওয়াশিংটন, ৪ জুন – মার্কিন অনুসন্ধানী সাংবাদিক এবং আমেরিকান কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পাদক ক্রিস্টোফার হেলালি রাশিয়ার নাগরিকত্ব চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করেছেন। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
হেলালি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি চার পৃষ্ঠার চিঠি লিখেছেন। ওই চিঠিতে রুশ নাগরিকত্ব পাওয়ার আগ্রহের পাশাপাশি রাশিয়ার প্রতি নিজের দীর্ঘদিনের অবদান, ডোনবাস অঞ্চলে কাজ এবং রুশ-মার্কিন বন্ধুত্ব জোরদারে তার ভূমিকার কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, আমি রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ভাষার গুরুত্বকে সবসময় সমর্থন করেছি এবং চিঠিতে এই বিষয়গুলোও তুলে ধরেছি। মার্কিন এই সাংবাদিক আশা প্রকাশ করেন যে আগামী কয়েক মাসের মধ্যে তার আবেদনের বিষয়ে ইতিবাচক ফলাফল আসবে।
সম্প্রতি তিনি একটি বিদেশি সাংবাদিক দলের সঙ্গে লুহানস্কের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইউক্রেনীয় হামলার স্থান পরিদর্শন করেছেন। এর আগে মার্চ মাসে তিনি বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে যাওয়ার প্রস্তুতি হিসেবে একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা জানিয়েছিলেন।
বর্তমানে তিনি গ্লোবাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের একজন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। ৩ থেকে ৬ জুন অনুষ্ঠিত হওয়া এই অর্থনৈতিক ফোরামের এবারের আসরের মূল প্রতিপাদ্য হলো বাস্তবধর্মী সংলাপ ও স্থিতিশীল ভবিষ্যতের পথ।
এস এম/ ৪ জুন ২০২৬









