ভিসা ও মাস্টারকার্ডের সব ধরনের লেনদেন বন্ধ করল কিউবা

হাভানা, ৪ জুন – ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে কিউবার কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৬ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মূলত ওয়াশিংটনের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কিউবার সঙ্গে কাজ করা একটি বিদেশি আর্থিক অংশীদার তাদের কার্যক্রম সীমিত করায় এই সংকট তৈরি হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,
স্থানীয় সময় গত বুধবার কিউবার কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানায়। ব্যাংকটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে একাধিক বিদেশি প্রতিষ্ঠান কিউবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,
কিউবার ক্রেডিট কার্ড লেনদেনে সহায়তাকারী একটি বিদেশি অংশীদার প্রতিষ্ঠান ১ মে জারিকৃত মার্কিন নির্বাহী আদেশের পর তাদের কার্যক্রম সংকুচিত করেছে। ওই আদেশের ফলে কিউবার ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।
বিবৃতিতে কিউবার কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে যে,
এই পরিস্থিতির ফলে ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে পণ্য ও সেবা বিক্রির আয় সংগ্রহ করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে,
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপগুলো কিউবার ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে চাপের মুখে ফেলেছে। বিশেষ করে দেশটির পর্যটন খাত যখন সংকটে রয়েছে, তখন এই সিদ্ধান্ত বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে কিউবার ক্রেডিট কার্ড লেনদেন একটি বিদেশি ব্যাংক এবং সামরিক নিয়ন্ত্রিত ব্যবসায়ী গোষ্ঠী জিএইএসএর আর্থিক শাখা ফিনসিমেক্স এসএ পরিচালনা করত। মার্কিন প্রশাসনের অভিযোগ, জিএইএসএ পর্যটন ও প্রবাসী আয়সহ বিভিন্ন লাভজনক খাতের মুনাফা সামরিক বাহিনীর স্বার্থে ব্যবহার করে।
তবে কিউবা সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে যে,
প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে স্বচ্ছভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে ইতিমধ্যে বিদেশি হোটেল, বিমান সংস্থা এবং শিপিং কোম্পানিগুলো কিউবা থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে।
বিনিয়োগকারীরা নতুন করে আইনি জটিলতা এড়াতে দেশটি থেকে দূরত্ব বজায় রাখছেন। ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এস এম/ ৪ জুন ২০২৬









