জাতীয়

আন্দোলনে বা চাপের মুখে ব্যাংকের কোনো সিদ্ধান্ত নয়: কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা, ১ জুন – ইসলামী ব্যাংক ঘিরে চলমান বিক্ষোভ এবং পরিচালনা পর্ষদ নিয়ে বিতর্কের মধ্যে বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থান স্পষ্ট করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংকের বিষয়েই রাস্তার আন্দোলন বা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশের আইন ও প্রচলিত বিধি মেনেই সকল কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকের কোনো সিদ্ধান্তই আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মত প্রকাশের আইনি অধিকার থাকলেও বাংলাদেশ ব্যাংক কেবল প্রতিষ্ঠানের স্বার্থ এবং আইনগত বিষয়গুলো বিবেচনা করবে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ঋণখেলাপিদের ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ নেই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এক ব্যক্তির খেলাপি ঋণের বিষয়ে যে তথ্য উঠে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী খেলাপি অবস্থায় কেউ পরিচালক পদে থাকতে পারবেন না।

ইসলামী ব্যাংকের বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের অনুমতি প্রসঙ্গে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

রাজনৈতিক প্রভাবের বিষয়ে মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। গভর্নর এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। কোনো কর্মকর্তা চাপের মুখে পড়লে তা সরাসরি গভর্নরকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যাংককে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা সঠিক নয়। এটি ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছে যাতে কোনো ব্যাংক বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কবলে না পড়ে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে পরিবর্তন ও পর্ষদ পুনর্গঠনের দাবিতে বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে।

এনএন/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language