কোরবানির বর্জ্য অপসারণে সফল ডিএনসিসি: ১৮ হাজার টন বর্জ্য অপসারিত

ঢাকা, ৩১ মে – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, নগরবাসী, গণমাধ্যমকর্মী এবং ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্ল্যান অনুযায়ী এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।
শনিবার রাতে গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রশাসক জানান, ঈদের তৃতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ৫৫৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডিএনসিসির আওতাধীন ১০টি পশুর হাটের মধ্যে ৪টি হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে এবং বাকি ৬টি হাটের পরিষ্কার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ঈদের তৃতীয় দিনেও নগরের বিভিন্ন স্থানে কোরবানি দেওয়া হয়েছে।
পশুর বর্জ্যের পরিমাণ যাই হোক না কেন, তা অপসারণে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোরবানির বর্জ্য ছাড়াও গৃহস্থালি বর্জ্য প্রতিদিনের নিয়ম অনুযায়ী পরিষ্কার করা হবে।
সিটি কর্পোরেশনের দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে তিনি বলেন, বর্জ্য অপসারণে গাফিলতির কারণে নয় বরং নিয়মিত গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ভারপ্রাপ্ত সচিব মামুনুর রহমান।
এস এম/ ৩১ মে ২০২৬









