জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত প্রাইভেটকারে আগুন

ঢাকা, ৩০ মে – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় গভীর রাতে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার সাথে সাথেই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ও ফোম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন। আগুন নেভানোর পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language