জাতীয়

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৮ মে – বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান।

সেখানে তিনি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বনানী সামরিক কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে তার শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

এরপর তিনি সস্ত্রীক ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ান এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।

ভয়াবহ ওই ঘটনায় সর্বমোট ৭৪ জন প্রাণ হারিয়েছিলেন। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language