সিলেটে বৃষ্টির মধ্যেই ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সিলেট, ২৮ মে – সিলেট জেলা ও মহানগরজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও বৃহস্পতিবার সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ত্যাগের মহিমা স্মরণে বিপুল সংখ্যক মুসল্লি এসব জামাতে অংশ নেন। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা এবং শুরু হয় ঝিরিঝরি বৃষ্টি। তবে এই আবহাওয়া উপেক্ষা করেই নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ ঈদগাহ ও মসজিদে উপস্থিত হন।
বৃষ্টির কারণে অনেক মুসল্লিকে ছাতা মাথায় দিয়ে অথবা বৃষ্টিতে ভিজে ঈদগাহে আসতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহগুলোতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করেন।
সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন এবং বিশেষ বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী। তিনি তার বক্তব্যে ঈদুল আজহার তাৎপর্য এবং মানবতার কল্যাণে আত্মত্যাগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এই জামাতে সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অংশ নেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
এছাড়াও নগরীর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে সকাল ৮টায় এবং সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায় বড় জামাত অনুষ্ঠিত হয়। কুদরত উল্লাহ জামে মসজিদে তিন দফায় নামাজের ব্যবস্থা ছিল। জামাত শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এস এম/ ২৮ মে ২০২৬









