উত্তর আমেরিকা
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ

ওয়াশিংটন, ২৭ মে – নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় ইহুদি সম্প্রদায়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বুধবার ম্যানহাটনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘রিমুভ মামদানি’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এছাড়া তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাতীয় পতাকা বহন করেন।
প্রতিবাদকারীদের অনেকের পোশাকে ‘মেক লাভ, নট ইনতিফাদা’ সংবলিত স্টিকার দেখা গেছে। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইহুদিবিদ্বেষবিরোধী সংগঠন ‘এন্ড জিউ হেট্রেড’।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছেন। জোহরান মামদানি মেয়রের দায়িত্ব গ্রহণের পর তার সরকারি বাসভবনের সামনে ইহুদি সম্প্রদায়ের এটিই প্রথম কোনো বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি।
এস এম/ ২৭ মে ২০২৬









